জরুরি অবস্থা ঘোষণার হুমকি ‘গর্বিত’ ট্রাম্পের

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ০৪:০৬ পিএম

মার্কিন প্রশাসনে অচলাবস্থা সৃষ্টি করে নিজেকে ‘গর্বিত’ মনে করা ট্রাম্প আবার জরুরি অবস্থা ঘোষণার হুমকি দিয়েছেন।

টেক্সাস সীমান্ত পরিদর্শনের সময় ট্রাম্প বলেন, ‘সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ৫ বিলিয়ন ডলার না পেলে আমরা জরুরি অবস্থা ঘোষণা করতে পারি। এটা কমন সেন্সের ব্যাপার।’

জরুরি অবস্থা ঘোষণা করলে ট্রাম্প নিজেই ৫ বিলিয়ন ডলার অনুমোদন করতে পারবেন। সেক্ষেত্রে বিরোধীদের মতামত নেয়ার দরকার পড়বে না।

২১ ডিসেম্বর সিনেটে দেয়াল নির্মাণের বিল পর্যাপ্ত ভোট না পেয়ে প্রত্যাখ্যাত হয়। এরপরই ‘ক্ষিপ্ত’ ট্রাম্প বাজেট বিলে সই করতে অস্বীকৃতি জানালে সরকারি সেবা বন্ধ হয়ে যায়। এভাবে চলছে ২০ দিন!

মার্কিন সরকারে অচলাবস্থার কারণে আসলেই পরিস্থিতি মানবিক সংকটের দিকে হাঁটছে। দেশটির ১৫টি সরকারি বিভাগের নয়টিই বন্ধ রয়েছে।

জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিবহন ও বিচার বিভাগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। নাগরিকরা এসব মন্ত্রণালয়ের অধীনে কোনো সেবা গ্রহণ করতে পারছেন না। প্রায় ৮ লাখ আমেরিকানকে পারিশ্রমিক ছাড়া কাজ করে যেতে হচ্ছে।

এর আগে মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘এই সমস্যা হৃদয়ের, সমস্যা আত্মার। এটা ঠিক এবং ভুলের মধ্যে পছন্দ; ন্যায় এবং অন্যায়ের ব্যাপার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত