সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ‘বুলেট মল্লিক’

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১২:৪১ এএম

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো জ্বালিয়ে দিতে গোপালগঞ্জের কোটালীপাড়ার সাদুল্লাপুর ইউনিয়নের বিলের গ্রামগুলোতে পাঠশালা ও গানের স্কুল গড়ে তুলেছেন বুলেট মল্লিক বাদল নামে এক তরুণ। বিনা পয়সায় শিক্ষার উপকরণের পাশাপাশি শিশুদের টিফিনও দিচ্ছেন তিনি।

সরেজমিনে সাদুল্লাপুর ইউনিয়ন ঘুরে দেখা গেছে, শিশুদের জন্য নিজ উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন গ্রামে হেনা শিশু কানন বিদ্যানিকেতন নামের পাঠশালা গড়ে তুলেছেন বুলেট মল্লিক। তার গড়ে তোলা ১০টি পাঠশালায় শিশুদের বিনামূল্যে স্কুলব্যাগ, খাতা, কলম, পেন্সিল, স্কুল পোশাকসহ শিক্ষা উপকরণ দেওয়া হয়। দেওয়া হয় টিফিনও। স্কুলে নিজের পয়সায় শিক্ষক নিয়োগ দিয়েছেন তিনি। এসব পাঠশালায় বিনামূল্যে পড়ানো হয় শিশুদের।

বুলেট মল্লিক ওই ইউনিয়নের পীড়ারবাড়ি গ্রামের সুভাষ মল্লিকের ছেলে। ২০১৩ সালে এলএলবি পাস করে ঢাকা জজ কোর্টে আইন পেশায় যোগ দেন তিনি। তার রোজগারের টাকায় চলছে এসব পাঠশালা। প্রতিটি পাঠশালায় ৩০-৪০ জন করে শিক্ষার্থী গত আড়াই বছর ধরে পড়ছে।

হেনা শিশু কানন বিদ্যানিকেতন পাঠশালার শিক্ষক বিজয় মল্লিক ও মমতা রানী বাইন বলেন, পাঠশালায় দরিদ্র পরিবারের ছোট শিশুদের অক্ষরজ্ঞান দিয়ে প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার উপযোগী করে গড়ে তোলা হয়।

বুলেট মল্লিক বাদল বলেন, ২০১৫ সালে ১০টি গ্রামে ১০টি পাঠশালা ও একটি গানের স্কুল স্থাপন করি। আমার উপার্জনের বড় অংশই এসব পাঠশালায় খরচ করি। আমার চাওয়া, এলাকার কোনো শিশু যেন শিক্ষাবঞ্চিত না হয়। আরও ১৪টি আধুনিক স্কুল করার উদ্যোগ নিয়েছি। সরকারের সহযোগিতা পেলে এ সেবা আরও বাড়ানো সম্ভব হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত