তবু আলিসকে কৃতিত্ব দিচ্ছেন মাশরাফী

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ০১:১৭ এএম

মাত্র ২ রানের হার। অজ্ঞাত এক বোলার আল ইসলামের হ্যাটট্রিকে হুড়মুড় করে ভেঙে পড়ে প্রায় জেতা ম্যাচ হেরে যাওয়া। নিজের খেলা বিপিএলের এমন রোমাঞ্চকর ম্যাচ খুঁজতে খুঁজতে আরও দুটি পেলেন মাশরাফী বিন মোর্ত্তজা। আর ঢাকা ডায়নামাইটসের কাছে মিরপুরে গতকাল হারের কারণ হিসেবে নিজেদের ভুলকেই দুষলেন। আলিসকে কৃতিত্ব দিলেও খালি চোখে ওঠা প্রশ্নটাকে এড়িয়ে গেলেন।

অভিষেক ম্যাচ ছিল ডায়নামাইটসের নেট থেকে সরাসরি বিপিএলে খেলে ফেলা আলিসের জন্য। শেষটায় তাকে আক্রমণে এনে সাহস দেখিয়েছেন সাকিব আল হাসান। ম্যাচ ঘুরেছে ওখানে। মাশরাফী স্বীকার করলেন না নতুন বোলার চমক হয়ে এসেছেন, ‘শেষ মুহূর্তে গিয়ে আমাদের ভুলের কারণে ম্যাচটা হেরেছি। কিন্তু কৃতিত্ব অবশ্যই তার (আলিস)। কারণ সে ওই সময় স্নায়ু ধরে রেখেছিল এবং ডিলিভার করতে পেরেছিল।’

চার ওভারে ২৬ রানে ৪ উইকেট নিয়ে রোমাঞ্চকর ম্যাচের নায়ক আলিস। সবাইকে ছাপিয়ে। মাশরাফী বললেন তারা দুয়েকজন আলিসের কথা জানতেন। মানে বেশিরভাগই চেনেন না। শুধু প্রথম বিভাগেই খেলেছেন আলিস। সেখানে তার অ্যাকশন নিয়ে প্রশ্ন ছিল। মাশরাফীর কী মনে হয়েছে? ‘যারা টেকনিক্যাল সাইডে আছে তারা বলতে পারবে ওর অ্যাকশন সম্পর্কে যে রিপোর্টেড আছে কি না। ওর বিষয়টা আমি বলতে পারব না’ এসব ক্ষেত্রে এভাবে এড়িয়ে যাওয়ারই রীতি অবশ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত