৩০ ডিসেম্বরের তামাশাকে নির্বাচন বললে গুনাহ হবে: ইসলামী আন্দোলন

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ০৭:৫৯ পিএম

একাদশ সংসদ নির্বাচনে ৩০ ডিসেম্বরের ভোট গ্রহণকে ‘ডাকাতি’ অভিহিত করে এর মাধ্যমে জনগণের ম্যান্ডেটকে নিজেদের পক্ষে ঘোষণা ‘জঘন্য অপরাধ’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ।

তিনি বলেছেন, ৩০ ডিসেম্বর যে তামাশা হয়েছে তাকে নির্বাচন বললে গুনাহ হবে। এ নির্বাচন নিয়ে রাষ্ট্রীয় মিথ্যাচার চলছে। এটা চলতে থাকলে আসমানি গজব আসার সম্ভাবনা থাকে।

শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন ইউনুস আহমদ।

মাওলানা ইউনুস  সরকারকে উদ্দেশ্য করে বলেন, জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি, এমন অসত্য বচন থেকে দয়া করে বিরত থাকুন। নতুবা দেশবাসী ও এমনকি আগামী প্রজন্ম আপনাদের ঘৃণা করবে। তিনি পির সাহেব চরমোনাইর প্রস্তাব অনুযায়ী নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি করেন।

মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ আব্দুর রহমান, আলহাজ্ব আলতাফ হোসেন, সেক্রেটারি মাওলানা এবিএম জাকারিয়া, আলহাজ আব্দুল আউয়াল, ডা. শহীদুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, এইচ এম সাইফুল ইসলাম, আলহাজ মনোয়ার খান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত