যবিপ্রবি অধ্যাপককে ছাত্রলীগ নেতার হুমকি, প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ০৩:০৩ পিএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পরিষদ (যবিপ্রবি) দুই দিন ধরে ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি পালন করছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইকবাল কবীর জাহিদকে ছাত্রলীগ নেতার হুমকির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।

শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, ‘শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ইকবাল কবীর জাহিদকে হুমকিদাতার বিচার না হওয়া পর্যন্ত আমরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিচ্ছি। শিক্ষকরা ক্লাসে যাবে না।’

শিক্ষকরা জানান, গত ৮ জানুয়ারি সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল মোবাইল ফোনে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও শিক্ষক পরিষদের সভাপতি ইকবাল কবীর জাহিদকে অকথ্য ভাষা গালিগালাজ করেন। এ সময় তিনি দেখে নেওয়ার হুমকিও দেন।

হুমকি দেওয়ার পর তিনি ছাত্রলীগের কতিপয় নেতা-নেত্রীকে ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অশান্ত করে তুলেছে বলেও শিক্ষকদের অভিযোগ।

এ ঘটনার প্রতিবাদে শনিবার বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করে শিক্ষক পরিষদ, কর্মকর্তা কর্মচারীদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রোববারও বর্জন অব্যাহত রয়েছে।

অধ্যাপক ইকবাল কবীর জাহিদ বলেন, ‘আনোয়ার হোসেন বিপুল নামে এক সাবেক ছাত্রলীগ নেতা ফোনে আমাকে অকথ্য ভাষায় হুমকি দিয়েছেন। তিনি আমাকে দেখে নেওয়ার হুমকি দেন।’

হুমকি দেওয়ার কারণ জানতে চাইলে ইকবাল কবীর জাহিদ বলেন, ‘টেন্ডারের মাধ্যমে শহীদ মশিয়ুর রহমান হলে নিম্নমানের চেয়ার-টেবিল সরবরাহ করা হয়েছে। বিলে আমি আপত্তি করেছি। এতে ক্ষুব্ধ হয়ে আমাকে হুমকি দেওয়া হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেন, আনোয়ার হোসেন বিপুল কোনো দিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল না। সে বহিরাগত। হুমকির বিষয়টি দুঃখজনক।

তিনি আরও বলেন, আশা করি বিশ্ববিদ্যালয় চালু থাকবে। আমি শিক্ষকদের সঙ্গে বসবো। তারা ক্লাসে ফিরে যাবে, এটা আমার বিশ্বাস।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত