সময়ের আলোচিত নাম হিরো আলম। আনকোরা ভিডিও প্রকাশ করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। এরই মধ্যে হিরো আলম জনপ্রিয় চিত্রনায়িকা পপিকে বিয়ে করার ইচ্ছে পোষণ করে আবারও আলোচনায় চলে এলেন। কিন্তু স্ত্রী সংসার থাকা সত্ত্বেও কেন পপিকে বিয়ে করতে চান হিরো আলম? সম্প্রতি অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় এক 'ইউটিউব' শোতে অংশ নিয়ে পপিকে বিয়ে করার ইচ্ছে পোষণ করার পাশাপাশি কারণটাও জানিয়েছেন তিনি।
আলম বলেন, ‘বাংলাদেশে অনেক নায়িকা আছে, আজ পর্যন্ত মনে করেন বলতেছে, 'বিয়ে করুম', 'বিয়ে করুম', বয়স পার হয়ে যাইতেছে। কিন্তু এরা বিয়ে করতেছে না। আমাদের ইসলাম-হাদিসে লেখা আছে চারটি বিয়ে করা যাবে। কোনো নায়িকার যদি দায়িত্ব নিতে হয় তাহলে নিতে পারি। কী কারণে? এদের দায়িত্ব নিয়ে যদি তাও বিয়ের সানাইটা বাজাই দেওয়া যায়।’
জয় পাল্টা প্রশ্ন করে জানতে চান এ রকম কোনো নায়িকার নাম আপনি বলতে পারবেন যাকে আপনি বিয়ে করবেন প্রস্তাব দিলে? উত্তরে আলম বলেন, ‘পপির কথাই বলি। 'খালি বলে বিয়ে করুম, বিয়ে করুম।' এখনো বিয়ে করতেছে না। এ রকম অনেক নায়িকা আছে। যারা বিয়ে করার জন্য রাজি হবে হয়তো। কলিকাতা থেকেও অনেকে অফার করে। আমি বলে দেই, 'না আমার স্ত্রী সন্তান আছে বিয়ে করবো না।' কিন্তু অনেক নায়িকা আছে, দুঃখ লাগে তাদের এত কষ্ট দেখে, বয়স পার হয়ে যাইতেছে। এদের দুঃখ দূর করতে এক-আধটা বিয়ে করতেও পারি।’
এই অনুষ্ঠানেই নিজে মন্ত্রী হওয়ারও ইচ্ছে পোষণ করেন আলম। এ ছাড়া জয়ের প্রস্তাবে আলোচিত সানাইয়ের সঙ্গে শর্টফিল্মও করতে ইচ্ছুক তিনি। আর সেটি হতে হবে তার পছন্দের জায়গা কক্সবাজার সমুদ্র সৈকতে।
