মার্কিনিদের বিয়েতেও অচলাবস্থার ধাক্কা

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১১:৪৯ পিএম

টানা ২৪ দিন ধরে চলা অর্থনৈতিক অচলাবস্থার ধাক্কা লেগেছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিয়েতেও। সরকারি বিবাহ রেজিস্ট্রি দপ্তর বন্ধ থাকায় দেশটির অনেক নর-নারীর বিয়ে পিছিয়ে দিতে হয়েছে এরই মধ্যে। কিন্তু এই অচলাবস্থার মাঝে সব বন্ধ থাকলেও ভালোবাসা থেমে নেই। আর এই ভালোবাসার স্বীকৃতি দিতেই মেয়র মুরেল ব্রাউসার এবং সিটি কাউন্সিলের উদ্যোগে বিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। গত ডিসেম্বরের ২২ তারিখ থেকে ম্যারেজ ব্যুরো বন্ধ হয়ে আছে। তবে গত শুক্রবার মেয়র ব্রাউসার জরুরি ভিত্তিতে ম্যারেজ ব্যুরোর অনুপস্থিতিতে সিটি কর্মকর্তাদের বিয়ে নথিভুক্ত করার অনুমতি দেন।

এ বিষয়ে সিটি কাউন্সিল সদস্য ব্রান্ডন টড বলেন, ‘তারা যুক্তরাষ্ট্রের সরকারকে অচল করতে পারে, কিন্তু তারা কলাম্বিয়া জেলার মানুষের ভালোবাসাকে অচল করতে পারে না।’ লেট আওয়ার ভোস এনডুর ইমার্জেন্সি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা লাভ অ্যাক্ট নামে পরিচিত আইনে যুক্তরাষ্ট্রের নাগরিকরা বিয়ে করতে পারে। এই আইনে সরকারি নথিভুক্ত অবস্থায় বিয়ে ৯০ দিন পর্যন্ত বৈধ থাকে। ওরুকি নামে এক নববধূ তার অনুভূতি প্রকাশে বলেন, ‘প্রকৃতপক্ষে আমরা সকল বৈধ কাগজপত্রে স্বাক্ষর করিনি এই অচলাবস্থার কারণে। আমরা খুব ভালো একটা পার্টি করতে যাচ্ছি এবং অবশ্যই যতদিন পর্যন্ত আমরা বিয়ের লাইসেন্স না পাচ্ছি, ততদিন পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে আমাদের বিয়ে বৈধ হবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত