চেয়ার-বেঞ্চ-কক্ষ সংকটে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মুন্সী ইয়ার উদ্দিন আহম্মেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান চলছে খোলা আকাশের নিচে। ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এখানকার শিক্ষা কার্যক্রক্র। গত শনিবার সকাল ১০টার দিকে নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামের ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদ্যালয়ের খেলার মাঠে খোলা আকাশের নিচে ক্লাস নেওয়া হচ্ছে।
স্কুলের বাংলা শিক্ষক মিজানুর রহমান জানান, বিদ্যালয়ে কক্ষ সংকটের কারণে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের খোলা আকাশের নিচেই ক্লাস নিতে হচ্ছে। এভাবে খোলা আকাশের নিচে ক্লাস পরিচালনা করতে অসুবিধা হওয়ার কথা জানান তিনি। বিদ্যালয়ের শিক্ষার্থী ও এসএসসি শিক্ষার্থী তহুরা খাতুন, প্রমি, জুথি, সুমাইয়া জানায়Ñ স্কুলে শিক্ষার্থী বেশি থাকলেও সে অনুযায়ী শ্রেণিকক্ষ ও বেঞ্চ নেই। অনেক সময় ক্লাসে বেঞ্চের অভাবে দাঁড়িয়ে ক্লাস করতে হয়। কক্ষ সংকট থাকায় খোলা আকাশের নিচেই তাদের ক্লাস করতে হচ্ছে। তারা বিদ্যালয়ে দ্রুত বেঞ্চ, চেয়ার, টেবিলসহ নতুন কক্ষ নির্মাণের দাবি জানায় তারা। এছাড়া বিদ্যালয়ে কোনো প্রাচীর না থাকায় আরও কয়েকজন শিক্ষার্থী এই প্রতিবেদকের কাছে ক্ষোভ প্রকাশ করেন।
মুন্সী ইয়ার উদ্দিন আহম্মেদ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসান জানান, বিদ্যালয়ে একটি একতলা ভবনে ৩টি কক্ষ। এর মধ্যে ২টি অফিস কক্ষ আর একটি শ্রেণিকক্ষ, একটি আধাপাকা ঘরে তিনটি কক্ষ। আরেকটি কক্ষ নির্মাণের কাজ চলছে। বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ৮০জন, ৭ম শ্রেণিতে ৭৩, ৮ম শ্রেণিতে ৭৫, নবম শ্রেণিতে ৪০ এবং দশম শ্রেণিতে ৪৬ জন শিক্ষার্থী রয়েছে। কক্ষগুলো ছোট হওয়ার কারণে শিক্ষার্থীদের গাদাগাদি করে বসাতে হয়। তারপর বেঞ্চ সংকট তো রয়েছেই। এ কারণে খোলা আকাশের নিচে ক্লাস নিতে হচ্ছে। এ বিষয়ে নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম জানান, এলজিএসপি প্রকল্পের আওতায় তিনি ৪টি কক্ষ নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন। স্কুলের বেহাল অবস্থার বিষয়টি বিভিন্ন দপ্তরে অবগত করা হয়েছে। তিনি বলেন, ‘আশা করছি দ্রুতই এ সমস্যা থেকে শিক্ষার্থীরা পরিত্রাণ পাবে।’
