স্ত্রীসহ মির্জা আব্বাসের ৮ সপ্তাহের আগাম জামিন

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১২:৫৮ পিএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতির মামলায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

সোমবার তারা আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিনের এ আদেশ দেন।

আদালতে মির্জা আব্বাস দম্পতির পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

মির্জা আব্বাস দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের এ মামলাটি গত ৭ জানুয়ারি দায়ের করেছিল দুদক।

গত ৭ জানুয়ারি প্রায় ২১ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে রাজধানীর শাহজাহানপুর থানায় এ মামলা করেন।

দুদকের অনুসন্ধানী প্রতিবেদনে মির্জা আব্বাস উদ্দিন আহমেদের স্ত্রী মিসেস আফরোজা আব্বাসের নামে ২০ কোটি ৭৬ লাখ ৯২ হাজার ৩৬৩ টাকার সম্পদ পাওয়া যায়। যা প্রকৃতপক্ষে মির্জা আব্বাসের সহায়তায় অবৈধ উৎস থেকে অর্জিত বলে প্রমাণ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত