মহেশখালীতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে দুর্বৃত্তদের গুলি

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ০৩:০৭ পিএম

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক শরীফের বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুঁড়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক শরীফের মা জানান, আকস্মিক একদল অস্ত্রধারী দুর্বৃত্ত এসে তার বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। তারা কমপক্ষে ১০ রাউন্ড গুলি ছুঁড়ে। কিন্তু পাকা দেয়াল ভেদ করে গুলি ভেতর ঢুকেনি। তাতেই হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ইউপি চেয়ারম্যান তারেক শরীফ জানান, নিরাপত্তাহীনতার আশঙ্কা থাকায় তিনি প্রায় সময় বাড়িতে থাকেন না। বাড়িতে তার মাসহ পরিবারের অন্যান্য সদস্যরা থাকেন।

প্রতিবেশীদের বরাত দিয়ে তিনি আরো জানান, হামলাকারী অস্ত্রধারীরা তিন দলে বিভক্ত হয়ে তিন দিক থেকে তাদের বাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়েছে। সব হামলাকারীর হাতে ছিলো ভয়ংকর আগ্নেয়াস্ত্র। গুলির শব্দ পেয়ে এলাকাবাসী এগিয়ে আসে। শত শত এলাকাবাসী এগিয়ে আসায় তাড়ানি খেয়ে হামলাকারীরা পশ্চিম দিকে পালিয়ে যায়।

তাকে হত্যা করার উদ্দেশ্যেই সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন চেয়ারম্যান তারেক শরীফ।

স্থানীয়রা জানান, তারেক শরীফের বাবা ওসমান গণি চেয়ারম্যানকেও কয়েক বছর পূর্বে হত্যা করেছিল সন্ত্রাসীরা। তারেক শরীফকে একই কায়দায় হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল।

চেয়ারম্যান তারেক শরীফ বলেন, ‘আমি এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমি জীবনের নিরাপত্তা চাই।’

এ ব্যাপারে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, চেয়ারম্যান তারেকের বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত