তুরস্কের অর্থনীতি ধ্বংস করে দেওয়ার হুমকি ট্রাম্পের

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ০৩:২৪ পিএম

সিরিয়ায় কুর্দি বাহিনীর ওপর হামলা অব্যাহত রাখলে তুরস্কের অর্থনীতি ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আলজাজিরা জানায়, রোববার ট্রাম্পের এ হুমকির পর এক প্রতিক্রিয়ায় ‘সন্ত্রাসী প্রোপাগান্ডায়’ দুই রাষ্ট্রের কৌশলগত সম্পর্কে হাত না দিতে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে আঙ্কারা।

ইরাকে আইএস বিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র বাহিনী হিসেবে কাজ করে আসছে কুর্দি যোদ্ধারা। সিরিয়া যুদ্ধেও ওয়াশিংটনের মিত্র তারা।

এদিকে সিরিয়ার অভ্যন্তরে কুর্দিদের বিরুদ্ধে নতুন অভিযানের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। ফলে আঙ্কারা ও ওয়াশিংটনের মধ্যে এনিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।

সম্প্রতি সিরিয়া থেকে মার্কিন সেনা ফিরিয়ে আনার ঘোষণা দেন ট্রাম্প। রোববার এক টুইটার বার্তায় তিনি বলেন, সৈন্য প্রত্যাহার শুরুর আগে বিভিন্ন দিক থেকে আইএসের অবশিষ্ট ঘাঁটিতে চরমভাবে আঘাত করা হবে।

কুর্দিরাও যে মার্কিন সেনাদের মিত্রশক্তি হিসেবে কাজ করে আসছে, তার ইঙ্গিত পাওয়া যায় ট্রাম্পের বক্তব্যে। তিনি বলেন, ‘মার্কিন ঘাঁটি থেকে আইএসের ওপর সম্ভাব্য এ হামলা চালানো হবে। তুরস্ক যদি কুর্দিদের ওপর আঘাত হানে, তাদের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হবে।’

তবে তুরস্ক জানায়, যুক্তরাষ্ট্র সিরিয়ার কুর্দি এবং পিকেকের মধ্যে গুলিয়ে ফেলছে। কুর্দি সংগঠনটি যুক্তরাষ্ট্রেরই সন্ত্রাসী তালিকাভুক্ত।

তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন, ‘তুর্কি বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ছে, কুর্দিদের বিরুদ্ধে নয়। সন্ত্রাসীদের হামলা থেকে আমরা কুর্দি এবং সিরিয়াবাসীকে রক্ষা করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত