যুক্তরাষ্ট্রের পরামর্শে শেষমেশ অধিকৃত গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ত্রাণ সহায়তা স্থগিত করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। আর্থিক সংকটের কারণে গাজা এবং পশ্চিম তীরের কিছু ফিলিস্তিনিকে দেওয়া ত্রাণ সহায়তা স্থগিত করা হয়েছে বলে সংস্থাটি জানায়। এছাড়াও কিছু ক্ষেত্রে সহায়তার পরিমাণ কমাতে বাধ্য হয়েছে সংস্থাটি।
ফিলিস্তিনি ভূখণ্ডে নিয়োজিত সংস্থাটির পরিচালক স্টিফেন কার্নি বলেছেন, গত ১ জানুয়ারি থেকে অধিকৃত পশ্চিম তীরের প্রায় ২৭ হাজার ফিলিস্তিনিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি আর ত্রাণ সহায়তা দিচ্ছে না। এছাড়া গাজার ১ লাখ ১০ হাজারসহ অন্য ১ লাখ ৬৫ হাজার ফিলিস্তিনি যে ত্রাণ সহায়তা পেতেন তা কমিয়ে আনা হয়েছে। এখন তারা ৮০ শতাংশ ত্রাণ পাচ্ছেন।
গত চার বছর ধরে যুক্তরাষ্ট্রসহ অন্য দাতাদের সহায়তা কমে আসায় ত্রাণ সহায়তা বন্ধ এবং হ্রাসের সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে ডব্লিউএফপি।
