সংবর্ধনা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী

২৮ জানুয়ারির মধ্যে নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ০২:২৩ এএম

আগামী ২৮ জানুয়ারির মধ্যে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘২৮ জানুয়ারির মধ্যে গেজেট হতে হবে। এই সময়ের মধ্যে যা যা করণীয় সে বিষয়ে আলোচনা হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকবান্ধব উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘সারা জীবন আওয়ামী লীগের বিরুদ্ধে লিখেছেন এমন সাংবাদিকও তাদের প্রয়োজনের মুহূর্তে প্রধানমন্ত্রীর সহযোগিতা পেয়েছেন, ভবিষ্যতেও পাবেন।’ তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে উল্লেখ আছে সাংবাদিক আবাসনের ব্যবস্থা। গতকাল (রবিবার) মন্ত্রণালয়ের সমন্বয় সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আমি মনে করি, আমার প্রধান কাজ সাংবাদিক বন্ধুদের কল্যাণ সাধন করা। বাংলাদেশে অনেক ভালো সংবাদমাধ্যম, প্রিন্ট এবং ইলেকট্রনিক গণমাধ্যম নানা কারণে বন্ধের পথে, সেগুলোকে কীভাবে রাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা করা যায় সে বিষয়েও আলোচনা হবে।’ ‘হলুদ সাংবাদিকতা’ প্রতিরোধে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সব সাংবাদিক চেষ্টা করেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে। কিন্তু দু-একজনের ভুলের জন্য পুরো সাংবাদিক সম্প্রদায়ের বদনাম হতে পারে না। সেজন্য আমি মনে করি, সাংবাদিক সংগঠনগুলোর দায়িত্বও অনেক বেশি।’ বিএফইউজে সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাসচিব শাবান মাহমুদ, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত