প্রথমে সংলাপের কথা বলার পরও পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের শুভেচ্ছা বিনিময় হবে জানালেও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলছেন সংলাপের কথা।
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও একটি সংলাপ করবেন। প্রধানমন্ত্রী তো সবার। তাকে সবাই মেনে নেবে এবং সহযোগিতা করবে– করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, তিনি আবার একটি সংলাপ করবেন।
তবে একাদশ নির্বাচন বাতিলের এজেন্ডা ছাড়া জাতীয় ঐক্যফ্রন্ট সংলাপে যাবে না বলে যে সিদ্ধান্তের কথা জানিয়েছে, সে বিষয়ে এইচটি ইমাম বলেছেন, আগের সংলাপে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের তিনি আমন্ত্রণ করবেন। কিন্তু নির্বাচন নিয়ে আলোচনা বলে যে কথাটি বলা হচ্ছে তা অত্যন্ত অবাস্তব এবং হাস্যকর।
ঐক্যফ্রন্ট ও বামজোটসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর পুনরায় নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, নতুন নির্বাচন বাস্তবে সম্ভব নয়। এখন বাস্তবতা মেনে নিয়ে আশা করি সবাই সহায়তা করবে। আমাদের দিক থেকে আমরা পাঁচজন উপদেষ্টা, সরকারের মন্ত্রিপরিষদে যারা আছেন সবাই সবার সহায়তা চাই।
প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা জাতীয় ঐক্যফ্রন্ট ও বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রীর বলেছেন, আপনারা আসুন। বাংলাদেশ তো সবার, দেশকে গড়েতুলি।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।
