লীগ নেতাকে পেটানো পুলিশের কঠোর শাস্তি চেয়ে মানববন্ধন

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ০৭:২৯ পিএম

ভোলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগে বিতর্কিত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তের বিষয়টি প্রত্যাখ্যান করে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের বোরহানউদ্দিন টার্মিনাল চত্বরে ওই মানববন্ধনে বক্তারা বিতর্কিত পুলিশ অফিসার শাহে আলমের স্থায়ীভাবে বরখাস্তসহ কঠোর শাস্তির দাবির জানান।

রোববার বিকেলে সদর থানার ট্রাফিক পুলিশের এসআই শাহ আলম শহরের বাংলা স্কুল মোড়ে আওলাদ হোসেন নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে রাস্তায় ফেলে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, এটিএসআই শাহ আলম ওই যুবককে অকথ্য ভাষায় গালিগালাজ ও রাস্তায় ফেলে এলোপাতাড়ি মারতে থাকেন।

মোটরসাইকেলের লাইসেন্স পরীক্ষার নিয়ে তর্কের একপর্যায়ে আওলাদকে মারধর করেন ওই পুলিশ কর্মকর্তা। আওলাদ বোরহানউদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক। এদিকে ঘটনার ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়ে পড়লে বিষয়টি ভোলায় ‘টক অব দা টাউনে’ পরিণত হয়।

এ ঘটনার প্রতিবাদের ঝড় উঠে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে। এলাকাবাসী, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হয়। এ পরিস্থিতিতে ওই বিতর্কিত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে পুলিশ প্রশাসন।

এদিকে, অভিযুক্ত পুলিশ অফিসারকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি প্রত্যাখ্যান করে স্থায়ী বরখাস্তের দাবি জানিয়ে আজ মানববন্ধনে বক্তারা আগামী এক সপ্তাহের মধ্যে পুলিশ প্রশাসন কঠোর শাস্তির ব্যবস্থা না করলে উপজেলাবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসীমউদ্দিন হায়দার, যুগ্ম সম্পাদক জসিমউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ  যুগ্ম আহ্বায়ক খোকন শিকদার, পৌর স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক জোহেব হাসান, উপজেলা শ্রমিক লীগ সাংগঠনিক সম্পাদক আব্বাস হাওলাদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক পলাশ বিশ্বাস প্রমুখ।

এদিকে পুলিশ কর্তৃক এমন মধ্যযুগীয় নির্যাতনের বিচার চেয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন নির্যাতিত আওলাদ হোসেনের পরিবারের সদস্যরা ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত