বিনামূল্যের বই ২০০ টাকায় বিক্রি করলেন প্রধান শিক্ষক

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১১:০৭ পিএম

সরকার থেকে দেওয়া শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের পাঠ্যবইয়ের বিনিময়ে জনপ্রতি ২ শ টাকা করে নেয়ার অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার ৩১ নম্বর বড় আলমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।

স্কুলের ওই প্রধান শিক্ষক ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি ২ শ টাকা করে নিয়ে পাঠ্যবই বিক্রি করেছেন। অনেকে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থেকে বের করে  দেন প্রধান শিক্ষক।

শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে বইয়ের জন্য টাকা নিয়েছেন প্রধান শিক্ষক আমির হোসেন।

কেউ টাকা দিতে না পারলে শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও জানান তিনি। এক ছাত্রীর বাবা আলমগীর হোসেন বলেন, ‘আমার মেয়ে বইয়ের জন্য টাকা দিতে না পারায় তাকে স্কুল থেকে বের করে দেন প্রধান শিক্ষক। পরে ২শ টাকা ফি দিয়ে মেয়ের বই নিয়েছি।’

আলমপুর গ্রামের চায়ের দোকানদার রুমুজা বেগম বলেন, ‘বই উৎসবের দিন বিদ্যালয়ে গিয়ে নাতনির জন্য বই চাইলে প্রধান শিক্ষক তার কাছে  টাকা দাবি করে। বলেন, 'টাকা না দিলে বই পাওয়া যাবে না।' পরে অন্যের কাছ থেকে টাকা ধার নিয়ে বই সংগ্রহ করেন বলে জানান তিনি।

এসব বিষয়ে জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক মো. আমির হোসেন বলেন, ‘স্কুল পরিচালনা কমিটির নির্দেশে টাকা নেওয়া হয়েছে। কারো কাছ থেকে জোর করে টাকা নেওয়া হয়নি। তা ছাড়া অভিভাবকরা খুশি হয়ে শিক্ষকদের চা-নাশতা খাওয়ার জন্য টাকা দিয়েছে।’

স্কুল পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বলেন, ‘টাকা আদায়ের কোনো নির্দেশ কমিটির পক্ষ থেকে কাউকে দেওয়া হয়নি। প্রধান শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে  টাকা নিয়েছেন-এটা আমরা পরে জেনেছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবীন্দ্র চাকমা বলেন, ‘টাকা নেওয়ার সত্যতা পেলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত