বাংলাদেশে চলছে ওয়ার্ল্ড ফটোগ্রাফি কাপের বাছাই পর্ব

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১১:০৯ পিএম

রাজধানীর দৃক গ্যালারিতে ১৫ জানুয়ারি শুরু হয়েছে দু’দিনব্যাপী বাংলাদেশ ফটোগ্রাফার’স অ্যাওয়ার্ডস ২০১৯। চলবে ১৬ তারিখ বুধবার পর্যন্ত। এটি আয়োজন করেছে প্রোফেশনাল ফটোগ্রাফার অ্যাফিলিয়েশন বাংলাদেশ (পি পি এ বি)। স্পনসর হিসেবে আছে ব্রাইডাল হেরিটেজ।

২০১৩ সাল থেকে বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ফটোগ্রাফি কাপ আয়োজন করা হয়ে থাকে। এ বছরটিও তার ব্যতিক্রম নয়। ২০১৯ সালের এপ্রিল মাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে নরওয়েতে। বিশ্বের ৪৫টি দেশ অংশগ্রহণ করবে এ প্রতিযোগিতায়। আন্তর্জাতিক এ প্রতিযোগিতার প্রাথমিক ধাপ হিসেবে আয়োজন করা হয়ে থাকে আঞ্চলিক প্রতিযোগিতার। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশে  জাতীয়ভাবে প্রতিযোগী বাছাই করার উদ্দেশ্যে পিপিবি আয়োজন করে এ প্রতিযোগিতার।

কার্যক্রম শুরু হয়েছিল গেল বছরের নভেম্বর থেকে।  আহ্বান করা হয়েছিল আলোকচিত্র জমা দেওয়ার জন্য। এ ধাপটি দেশের আলোকচিত্রীদের জন্য ছিল উন্মুক্ত। এ আহ্বানে প্রায় তিন হাজার পাঁচশত ছবি জমা পড়ে। ছয়টি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছিলেন দেশের আলোকচিত্রীরা । ক্যাটাগরিগুলো হচ্ছে পোর্ট্রেট, কমার্শিয়াল, ফোটো জার্নালিজম, নেচার, ডিজিটাল আর্ট এবং ওয়েডিং।

ছয়টি ক্যাটাগরিতে বিপুল পরিমাণ ছবির মাঝ থেকে জাতীয় এবং আন্তর্জাতিক বিচারকগণ বেছে নিয়েছেন মোট ১১০টি আলোকচিত্র। যার প্রদর্শনী শুরু হয়েছে দৃক গ্যালারিতে। প্রাথমিক এ বাছাই প্রক্রিয়াতে সংযুক্ত ছিলেন দুজন বিচারক। আন্তর্জাতিক আলোকচিত্রী ম্যাথুউ ট্যান এবং দেশের স্বনামধন্য আলোকচিত্রী আক্কাস মাহমুদ। বিচারক দ্বয়  নির্ধারিত মোট ছয়টি ক্যাটাগরিতে ছবি নির্বাচন করেন ১১০টি।

প্রাথমিকভাবে বাছাইকৃত এই ১১০টি ছবি থেকে তিনজন আন্তর্জাতিক আলোকচিত্রী ছয়টি ক্যাটাগরিতে সর্বমোট ১৮টি ছবি বাছাই করবেন । তাদের নাম ঘোষণা করা হবে ১৬ জানুয়ারি বিকেলের সম্মাননা প্রদান অনুষ্ঠানে। এ বিচার প্রক্রিয়াতে অংশ নেবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্রী ম্যাথুউ ট্যান (সিঙ্গাপুর), অ্যালভিন লিও (মালয়েশিয়া) এবং বাংলাদেশের অ্যালেন খান।

বাংলাদেশের এ প্রতিযোগিতা থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্ধারিত আঠারো জনের দলটির প্রধানের ভূমিকা পালন করবেন মাহমুদ হাসান শুভ। তার নেতৃত্বে নরওয়েতে প্রতিযোগিতায় অংশ নিতে হাজির হবেন আঠারো জন নির্বাচিত আলোকচিত্রী।  বাছাইকৃত ১১০টি ছবির প্রদর্শনী হচ্ছে দু’দিনব্যাপী। ১৫ জানুয়ারি সারা দিনব্যাপী এবং ১৬ জানুয়ারি দুপুর তিনটা থেকে পাঁচটা অবধি প্রদর্শনী সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে । বিকেল পাঁচটা থেকে আটটা অনুষ্ঠিত হবে সম্মাননা প্রদান অনুষ্ঠানের কার্যক্রম।

এ আয়োজন সম্পর্কে পি পি এ বি’র প্রেসিডেন্ট মাহমুদ হাসান শুভ বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিভাবান আলোকচিত্রীদের কাজকে তুলে ধরার উপযুক্ত একটি প্ল্যাটফর্ম। কেননা এখানে বিশ্ব বরেণ্য আলোকচিত্রীদের ফ্রেমের পাশে নিজের ফ্রেমকে তুলে ধরার সুযোগ রয়েছে। এ ধরনের আয়োজন প্রতিভার বিকাশ যেমন ঘটায় তেমনি আলোকচিত্র বিষয়টিতে আগ্রহীদের উৎসাহ প্রদানের একটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। এমন আয়োজন আলোকচিত্রীদের সৃজনশীলতাকে আরও বেশি শাণিত করে তোলে। আমি সব সময়েই চেয়েছি আমাদের দেশের আলোকচিত্রীদের প্রতিভাবে বিশ্ব দরবারে তুলে ধরার। তাই আন্তর্জাতিক এ আয়োজনের আঞ্চলিক ধাপের সঙ্গে প্রথম থেকেই কাজ করে যাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত