একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক, নির্মাতা, প্রযোজক ও অভিনেত্রী রোকেয়া প্রাচী।
রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ অফিস থেকে বুধবার সকালে তিনি মনোনয়নপত্র কিনেছেন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সদস্য এস এম কামাল, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
একাদশ জাতীয় নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঁইয়া) আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন রোকেয়া প্রাচী। আসনটি মহাজোটকে ছেড়ে দেওয়ায় আওয়ামী লীগের কেউ মনোনয়ন পায়নি। তাই তিনি চান, সংরক্ষিত নারী আসনে হলেও নির্বাচিত করা হোক।
রোকেয়া প্রাচীকে এমপি হিসেবে চেয়ে নাট্যাচার্য সেলিম আল দীন কেন্দ্রের সভাপতি সাংস্কৃতিক কর্মী রাজীব সারোয়ার বলেন, “দলীয় মনোনয়ন না পেয়েও তিনি মহাজোট প্রার্থীর জন্য মাঠে ছিলেন। গত ৪-৫ বছর ধরে তৃণমূলে তিনি সরকারের উন্নয়ন ব্যতিক্রমীভাবে তুলে ধরেছেন। তাই তাকে আমরা সংরক্ষিত আসনে নির্বাচিত করা সময়ের দাবি।”
