মায়ের কোল থেকে শিশুকে থাবা মেরে নিয়ে গেল চিতাবাঘ। পশ্চিমবঙ্গে উত্তরাঞ্চলে আলিপুরদুয়ারের এক চা বাগানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
এনডিটিভি জানায়, মাদারিহাটের গারগন্দা চা বাগানের একটি বাড়িতে ঢুকে মায়ের কোল থেকে শিশুটিকে ছিনিয়ে নিয়ে যায় বাঘ। বুধবার সকালে বাগান থেকে তিন বছর বয়সী শিশুটির বিচ্ছিন্ন দেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে চা বাগানের শ্রমিক আবাসের একটি ঘরে ঢুকে প্রণিতা নামের ওই শিশুটিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বাঘটি। তার মা পূজা ওরাঁও অনেক লড়াই করেও বাঘের মুখ থেকে সন্তানকে বাঁচাতে পারেননি।
সন্তান হারিয়ে শোকাহত পূজা ওরাঁও কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি আমার সবটা দিয়ে আমার মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। কিন্তু, বাঘটা এতটাই বড় ছিল যে, আমি পারলাম না। মেয়েটাকে বাঁচাতে পারলাম না।’
শিশুটির খোঁজে চা বাগানের শ্রমিকরা তল্লাশি চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে সকালবেলায় বাগান থেকে তার দেহের অংশবিশেষ উদ্ধার করা হয়।
