রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬৭২২টি মামলা ও ৩১ লাখ ২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ ছাড়া অভিযানকালে ৪০টি গাড়ি ডাম্পিং ও ৮৪৯টি গাড়ি রেকার করা হয়।
বুধবার দিনভর অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।
ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লিখিত মামলা ও জরিমানার মধ্যে উল্টো পথে গাড়ি চালানোর কারণে ১১৩২টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ১৩৯টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৭টি গাড়ির বিরুদ্ধে মামলা, মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহারের কারণে ১৭টি মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ২৭০৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১৩৪টি মোটরসাইকেল আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। সেই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১৩টি মামলা দেওয়া হয়।
ডিএমপি ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে বলে জানায় কর্তৃপক্ষ।
