ঠাণ্ডার প্রকোপে মারা যাচ্ছে সিরিয়ার শরণার্থী শিশুরা

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ০২:২৩ পিএম

অতিরিক্ত বৃষ্টি ও তুষারপাতের ফলে ঠাণ্ডার প্রকোপে মারা যাচ্ছে সিরিয়ার শরণার্থী শিবিরের শিশুরা। চিকিৎসার অভাবে গত কয়েক সপ্তাহে এখন পর্যন্ত ১৫ জন শিশু মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের বরাত দিয়ে বিবিসি জানায়, মারা যাওয়া ১৩ জন শিশুর বয়স এক বছরের নিচে। জর্দান সীমান্তে রুকবান শিবিরে মারা যায় আট শিশু। শরণার্থী শিবিরটি আশ্রয় নিয়েছে ৪৫ হাজার সিরীয় অধিবাসী।

বাকি শিশুরা মারা গেছে দেইর আল-জওর প্রদেশের পশ্চিম হাজিন থেকে পালানোর সময়। সেখানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট ও আইএস যোদ্ধাদের মধ্যে যুদ্ধ চলছে।

জর্দান সীমান্ত ছাড়াও প্রতিকূল আবহাওয়ায় চরমভাবে আক্রান্ত হয়েছে লেবানন শরণার্থী শিবিরের সিরীয়রা। গত এক সপ্তাহের টানা বৃষ্টি, তুষারপাত ও ঝড়ো বাতাসে নষ্ট হয়ে গেছে ৩৬০টি ঘর। এতে আশ্রয় নিয়েছিল প্রায় সাড়ে এগার হাজার শরণার্থী।

image

লেবাননের মিনিয়েহ শহরে বন্যার পানিতে ভেসে গেছে আট বছর বয়সী এক শিশু। প্রতিকূল আবহাওয়ায় এখানকার ৬০০ শরণার্থীকে সরিয়ে ফেলা হয়েছে।

জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ জানায়, মাত্রাতিরিক্ত ঠাণ্ডা এবং শিশুর জন্মের আগে পরে মায়ের স্বাস্থ্যসেবার অভাবে রুকবান শিবিরের পরিস্থিতি এখন ভয়াবহ। এ শিবিরের ৮০ শতাংশই নারী ও শিশু।   

ইউনিসেফের মধ্যপ্রাচ্যের ডিরেক্টর গ্রিট ক্যাপেলেরে বলেন, ‘শিশুদের স্বাস্থ্যজনিত এসব মৃত্যু প্রতিরোধযোগ্য। একুশ শতকে এসে এসব মৃত্যু কোনোভাবে মেনে নেওয়া যায় না। মনুষ্যসৃষ্ট পরিস্থিতির কারণে এসব প্রাণহানী এখনই বন্ধ হওয়া উচিত।’

তিনি বলেন, ‘সুলভ ও সহজলভ্য স্বাস্থ্যসেবা এবং আশ্রয়ের অভাবে রুকবান, দেইর-আল-জওরসহ সিরিয়ার বিভিন্ন শরণার্থী শিবিরে আরও শিশুর মৃত্যু ঘটবে। এসব মৃত্যু এড়ানো সম্ভব ছিল। শিশুদের এসব মৃত্যু ইতিহাস একদিন বিচার করবে।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত