গোপালগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের ১১ দিন পর ইজিবাইক চালক অবিনাশ পোদ্দারের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের তুতবাটি এলাকার রাস্তার পাশে খাদের কচুরিপানার মধ্য থেকে ওই ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়। অবিনাশ পোদ্দার টুঙ্গিপাড়া উপজেলার পাথরঘাটা গ্রামের অভিমান্য পোদ্দারের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, বুধবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের তুতবাটি এলাকার রাস্তার খাদের কচুরিপানার মধ্য থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, লাশটি নিখোঁজ ইজিবাইক চালক অবিনাশ পোদ্দারের। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে কে বা কারা লাশটি রাস্তার খাদে পানিতে কচুরিপানার নিচে লুকিয়ে রেখে ইজিবাইক নিয়ে চলে যায়।
