একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নয়, পরাজয় হয়েছে আওয়ামী লীগের, বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে দলটির উদ্যোগে শুক্রবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে দেশের জনগণের বিজয় হয়েছে। পরাজিত হয়েছে আওয়ামী লীগ। দলটি চিরদিনের জন্য জনগণের মন থেকে দূরে চলে গেছে। আওয়ামী লীগের নৈতিক পরাজয় হয়েছে। আওয়ামী লীগ সেই দল যারা শুধু ক্ষমতায় থাকতে চায়, ছাড়তে চায় না। তারা সংবিধান এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে নিজেদের স্বার্থে।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পরাজয় মনে করলেই পরাজয়। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। সমগ্র বাংলাদেশের মানুষকে একত্রিত করে কারাবন্দী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমাদের ভাইদের মুক্ত করতে হবে। গণতন্ত্রকে মুক্ত করতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। হতাশ হওয়ার কোন সুযোগ নাই। কারণ শহীদ জিয়ার অনুসারীরা হতাশ হতে পারে না।
দেশে উন্নয়নের প্রথম ভিত্তি তৈরি করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দাবি করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ হলো সেই দল যারা যেনতেনভাবে ক্ষমতায় থাকতে চায়। গণতন্ত্র ও রাষ্ট্রকে তারা ব্যবহার করে তাদের প্রয়োজনে। জিয়াউর রহমানের ওপর তাদের রাগটা ওই জায়গায়, তিনি দেশকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন।
সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ তাদের বক্তব্যে দল পুনর্গঠনের বিষয়ে তাগিদ দিয়েছেন। পাশাপাশি নির্বাচনের আগে ও পরে যারা আহত হয়েছেন তাদেরকে সুস্থ করে তোলার বিষয়টি উল্লেখ করেন। এর বাইরে কারাবন্দী নেতাদের মুক্তির বিষয়ে জোর দেওয়ারও আহ্বান জানান তারা।
মির্জা ফখরুলের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এবং সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড.আব্দুল মঈন খান, ভাইস-চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, আব্দুল মান্নান, ব্যারিস্টার শাজাহান ওমর বীর উত্তম, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান প্রমুখ।
