মনাই ত্রিপুরা পল্লীতে আলো

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ০১:৪৬ এএম

বিদ্যুৎ তো দূরের কথা, হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মনাই ত্রিপুরা পল্লীতে সভ্যতা ও আধুনিকতার ছোঁয়াই লাগেনি কখনো। বংশানুক্রমে উপজাতীয় ৫৫ পরিবার দীর্ঘদিন এখানে বসবাস করে আসছে। অবশেষে সেই পল্লী গত সোমবার সৌরবিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। উপজেলা প্রশাসন ৯ লাখ ৬০ হাজার টাকা ব্যয় করে সেখানে সৌরবিদ্যুৎ স্থাপন করেছে। প্রতিটি পরিবারে তিনটি বাতি ও একটি মোবাইল চার্জের সংযোগ দেওয়া হয়েছে।

জানা যায়, মনাই ত্রিপুরা পল্লীর লোকজনের নিজস্ব কোনো বসতভিটে নেই। অন্যের জমি কিংবা সরকারি জায়গায় তাদের বসতি। পরের জমিতে কাজ আর জুমচাষ করে তারা সংসার চালান। প্রযুক্তির উন্নয়নে কোনো কোনো পরিবার নিজস্ব প্রয়োজনে মোবাইল রাখলেও তাতে চার্জ দিতে হয় ২ কিলোমিটার দূরে গিয়ে। বিদ্যুৎ সুবিধার কথা কোনো সময় ভাবতে পারেনি পল্লীবাসী। বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হওয়ায় প্রশাসন উদ্যোগী হয়ে সেখানে সৌরবিদ্যুৎ স্থাপন করে দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন জানান, ফরহাদাবাদ ইউনিয়নে দুটি উপজাতীয় ত্রিপুরা পল্লী রয়েছে। একটি সোনাই ত্রিপুরা পল্লী। এ পল্লীতে আগে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এতদিন মনাই ত্রিপুরা পল্লী বিদ্যুৎ সুবিধাবঞ্চিত ছিল। সেখানেও সৌরবিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। পল্লীতে মোট ৩৭৫ জনের বাস জানিয়ে তিনি বলেন, স্থানীয়রা সৌরবিদ্যুতের সুবিধা পেয়ে মহাখুশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত