ওয়ারেন বাফেট। বিল গেটস। প্রথম জন নামকরা মার্কিন ব্যবসায়ী। দ্বিতীয় জন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। দুজনই বিশ্বের অন্যতম সেরা ধনী। দুজনের কেউই টাকা-পয়সা দিয়ে সফলতাকে বিচার করেন না।
একজন মানুষ ব্যক্তিগত সম্পর্কে কতটা সুখী, তা দিয়ে সফলতাকে পরিমাপ করতে চান এই দুই ধনকুবের। গত সপ্তাহে বিল গেটস ব্লগে একটি কলাম লিখেছেন। সেখানে তিনি বলেন, ‘আপনি কি সত্যিকার অর্থে কাউকে ভালোবাসেন, বিনিময়ে সে কি আপনার ভালোবাসা ফেরত দেয়?’
গেটস বলেন, ‘যদি এই প্রশ্নের উত্তর ইতিবাচক হয়, তাহলে আপনি সত্যিকারের সফল মানুষ।’
বাফেটের মতামতও প্রায় একই রকম। একবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমার সফলতা-ব্যর্থতা নির্ভর করে পরিবারের উপর। ব্যক্তিগত সম্পর্কের উপর।’
‘সফল হতে হলে এই প্রশ্নগুলোর উত্তর জানা জরুরি। আমি পরিবারকে ঠিকমতো সময় দেই? আমি কি নতুন কিছু শিখতে আগ্রহী? আমি কি পুরোনোদের সঙ্গে সম্পর্ক রেখে নতুন বন্ধু তৈরি করি?’
সফল হতে হলে বাফেট দুটি পরামর্শের কথাও বলছেন, ‘সফলতার দুটি সূত্র। প্রথম সূত্র: কখনো হার মানা যাবে না। দ্বিতীয় সূত্র: প্রথম সূত্রটা কখনো ভোলা যাবে না।’
