অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর বেইলি রোডে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষ (রাজউক)। অনুমোদিত নকশা না থাকা, ফুটপাত দখলসহ অনিয়মের কারণে অভিযানে সুইস বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। একাধিক বহুতল ভবনের বর্ধিতাংশ ভেঙে দেওয়া হয়। জ্যাগেরী রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল শনিবার বেলা ১১টা থেকে এ অভিযান চলে।
রাজউকের একজন পরিচালকের নেতৃত্বে অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার। গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, ‘পিঠাঘর’ নামে একটি দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ভেঙে ফেলা হয় কয়েকটি বহুতল মার্কেটের সামনের অংশ। নকশা না পেয়ে ‘নবাবী ভোজ’ রেস্টুরেন্টের কার্যক্রম বন্ধের নির্দেশ দিতে দেখা গেছে ম্যাজিস্ট্রেটকে।
ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার দেশ রূপান্তরকে বলেন, মূল রাস্তার ফুটপাত থেকে অন্তত পাঁচ ফুট দূরে স্থাপনা গড়ে তোলার নিয়ম থাকলেও বেইলি রোডের বেশিরভাগ ব্যবসায়ীই তা মানেননি। যারা অনিয়ম করেছেন তাদের অবৈধ অংশ উচ্ছেদের পাশাপাশি অনুমোদিত নকশা না থাকায় অনেকের বিরুদ্ধে জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে সহায়তা করে রমনা থানা-পুলিশ। রমনা থানার ওসি মাইনুল ইসলাম সুইস বেকারি সিলগালাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানে অংশ নেওয়া মাশুক নামে এক কর্মকর্তা জানান, নকশা না মেনে ফুটপাত দখল করে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ পেয়ে গত বৃহস্পতিবার থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করে রাজউক। অভিযানে মার্কেট ও দোকানমালিকদের অনুমোদিত নকশার কাগজ দেখাতে বলা হয়। এ ছাড়া মূল রাস্তার ফুটপাত থেকে জায়গা ছেড়ে না দেওয়ার কারণে প্রতিষ্ঠানের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়।