দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ২০১৯ সেশনে ২ হাজার ৫ আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১২ হাজার ৯২ জন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার ভর্তি পরীক্ষা সকাল ৯টা থেকে শুরু হয়ে শেষ হবে বিকেল ৫টায়। ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে।
রোববার সকাল থেকেই দিনাজপুর শহর এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখা যায় হাজার হাজার শিক্ষার্থীর আনাগোনা। ভর্তি পরীক্ষার্থীদের সঙ্গে আসেন অভিভাবকরা। সকাল ৯টা থেকে ‘জি’ ইউনিটের পরীক্ষা শুরুর মধ্য দিয়ে ২৩ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাজশাহী থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা মোছা. তাহমিনা আক্তার বলেন, আমার এটাই বিশ্ববিদ্যালয়ে শেষ ভর্তি পরীক্ষা। এখানে ভর্তির সুযোগ হলে আমার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হবে।
খুলনা থেকে ভর্তি পরীক্ষার্থীর অভিভাবক মো. সোলেমান আলী বলেন, মেয়েকে নিয়ে দিনাজপুরে এসেছি। আজকে (২০ জানুয়ারি) ভর্তি পরীক্ষা। পরীক্ষা শেষ হলে আবার ট্রেনযোগে খুলনা ফিরে যাবো।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, ভর্তি পরীক্ষা সুন্দরভাবে অনুষ্ঠিত করার ব্যাপারে এ বিশ্ববিদ্যালয়ের অনেক সুনাম রয়েছে। এ বছরের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
