বিদায় নিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ০৯:৫৯ পিএম

মারা গেছেন বিশ্বের প্রবীণতম মানুষ জাপানি নাগরিক মাসাজো নোনাকা। রবিবার ১১৩ বছর বয়সে পৃথিবীকে বিদায় নেন তিনি।

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, ১৯০৫ সালের জুলাই মাসে জন্মগ্রহণ করেন নোনাকা। তার মাত্র কয়েক মাস আগে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন তার আপেক্ষিতা তত্ত্ব হাজির করেন পৃথিবীবাসীর সামনে। দুই বছর আগে রাইট ভ্রাতৃদ্বয় বিশ্বের প্রথম মোটরচালিত বিমান আকাশে উড়িয়ে সাড়া ফেলে দিয়েছিলেন। 

টাইমস অব ইন্ডিয়া জানায়, ২০১৮ সালে স্পেনের নাগরিক ফ্রান্সিসকো নুনেজ অলিভেরার মৃত্যুর পরে বিশ্বের বয়স্কতম মানুষ হিসেবে গিনেস বুকের স্বীকৃতি পান নোনাকা।

নোনাকার নাতনি ইউকো জাপানের কিয়োডো সংবাদ সংস্থাকে জানিয়েছেন, 'বটবৃক্ষরূপী মানুষটির প্রয়াণে আমরা শোকস্তব্ধ। গতকাল পর্যন্ত তিনি সুস্থই ছিলেন। পরিবারকে কোনও রকম ঝামেলায় না ফেলে তিনি মৃত্যুবরণ করেছেন।'

১৯৩১ সালে বিয়ে করেছিলেন এ প্রবীণতম ব্যক্তি। পাঁচ সন্তানের জনক নোনাকা শহরে সরাইখানা চালাতেন। জীবনের শেষ সময়ে টিভি দেখে কাটাতেন। ভালোবাসতেন সুমো কুস্তি।

এর আগে আরেক জাপানী জিরোয়েমন কিমুরা বিশ্বের প্রবীণতম মানুষ হিসেবে স্থান করে নিয়েছিলেন গিনেস বুকে। ১১৬তম জন্মদিন পালনের পর ২০১৩ সালে তিনি মারা যান। তবে গিনেস বুকে এখন পর্যন্ত সর্বোচ্চ বয়সী মানুষ ছিলেন ফ্রান্সের জাঁ লুই ক্যামেঁ। ১৯৯৭ সালে ১২২ বছর বয়সে তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত