রাজধানীর বাড়িধারায় যমুনা ব্যাংকের এটিএম বুথের গার্ড শামীমকে (২৪) কুপিয়ে ও মাথা থেঁতলে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকাল ৬টার দিকে রক্তাক্ত অবস্থায় শামীমকে উদ্ধার করে ভাটারা থানা পুলিশ।
কুর্মিটোলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করে। শামিমের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) বিলকিস আক্তার দেশ রূপান্তরকে বলেন, সকালে দুজন লোক থানায় খবর দেয় বাড়িধারায় জে ব্লকে হাতিল ফার্নিচারের শোরুমের নিচে অবস্থিত যমুনা ব্যাংকের বুথের গার্ডকে দুর্বৃত্তরা কুপিয়ে রক্তাক্ত করেছে।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত শামীম নামের ওই ব্যক্তিকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে লাশ ময়নাতদন্তের জন্য ডাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির মাথা থেঁতলানো ছিল বলেও জানান এসআই বিলকিস আক্তার।
