মার্গারেট থ্যাচার চরিত্রে ‘দ্য এক্স-ফাইলস’ নায়িকা

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ০৫:১১ পিএম

‘দ্য এক্স-ফাইলস’ সিরিজের টিভি শো ও সিনেমা দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন জিলিয়ান অ্যান্ডারসন। এ অভিনেত্রীকে এবার দেখা যাবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের চরিত্রে।

ডেডলাইনের এক প্রতিবেদনে জানা যায়, ‘দ্য ক্রাউন’ সিরিজের চতুর্থ সিজনে যোগ দিচ্ছেন জিলিয়ান।

দ্য আয়রন লেডি নামে পরিচিত মার্গারেট থ্যাচারের চরিত্রে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন জিলিয়ান অ্যান্ডারসন। ‘দ্য ক্রাউন’ ভক্তদের জন্য এটি দারুণ একটি খবর।

চলতি বছরে সিরিজের তৃতীয় কিস্তি মুক্তি পাবে নেটফ্লিক্সে। যেখানে রানি দ্বিতীয় এলিজাবেথ চরিত্রে ক্ল্যারা ফয়ের স্থলাভিষিক্ত হয়েছেন অলিভিয়া কোলম্যান। এছাড়া ম্যাট স্মিথের প্রিন্স ফিলিপ চরিত্রে নাম লিখিয়েছেন টবিয়ান মেনজিসে।

নতুন এ সিজনের ঘটনাক্রমের শুরু ১৯৬৩ সালে। বিটলসের উত্থান, ১৯৬৬ সালে বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডের জয়ী হওয়ার মতো ঘটনা স্থান পাবে।

চতুর্থ সিজনে দেখা যাবে ১৯৭০ এর দশকের ঘটনাবলি। ওই সময়েই ব্রিটিশ রাজনীতিতে মার্গারেট থ্যাচারের উত্থান। ১৯৭৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

জিলিয়ান অ্যান্ডারসন সম্প্রতি অভিনয় করেছেন নেটফ্লিক্সের ব্রিটিশ কমেডি ‘সেক্স এডুকেশন’-এ। এখানে তাকে দেখা যায় সেক্স থেরাপিস্টের চরিত্রে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত