বিপিএলের এবারের আসরের সবচেয়ে সফল দলটির নাম ঢাকা ডায়নামাইটস। ৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। এক ম্যাচ কম খেলা মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস ৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। পয়েন্ট টেবিলের এই শীর্ষ দুই দল মুখোমুখি হয়েছে সোমবার।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়েছে খেলা। হাইভোল্টেজ ম্যাচটিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান।
আগের ম্যাচেই এবারের আসরে প্রথম দল হিসেবে দু শ ছোঁয়া স্কোর গড়েছে চিটাগং। আগে ব্যাট করে ২১৪ রান করে খুলনা টাইটান্সকে হারিয়েছে ২৬ রানে। টপ ফেভারিটের তালিকায় না থাকলেও আসরের মাঝ পর্যায়ে এসে সবার সমীহ পাচ্ছে চিটাগং। এ ম্যাচে ঢাকাকে হারাতে পারলে তো দলটি উঠে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে।
ঢাকার জন্য তাই এই ম্যাচ বড় চ্যালেঞ্জের। তবে তারকায় ভরা ঢাকা শক্তিমাত্রাতেও সবাইকে টেক্কা দেওয়ার দল। ঢাকা-চিটাগং ম্যাচটিতে তাই টি-টোয়েন্টির নিখাদ বিনোদনের প্রত্যাশায় সবাই।
ঢাকা ডায়নামাইটস: রনি তালুকদার, সুনিল নারিন, হেইনো কুন, সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, মোহর শেখ, আন্দ্রে রাসেল, নুরুল হাসান সোহান, দারবিশ রাসুলি, শুভাগত হোম, রুবেল হোসেন।
চিটাগং ভাইকিংস: মোহাম্মদ শাহজাদ, কেমেরুন ডেলপোর্ট, ইয়াসির আলি, মুশফিকুর রহিম (অধিনায়ক), আবু জায়েদ, রবি ফ্রাইলিঙ্ক, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, দাসুন শানাকা, সানজামুল ইসলাম ও খালেদ আহমেদ।
