সুমি হত্যা মামলায় স্বামীসহ চারজনের মৃত্যুদণ্ডাদেশ

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ০৪:৫৮ পিএম

সিরাজগঞ্জ শহরের গৃহবধূ সুমি রানী হত্যা মামলায় স্বামীসহ চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে তাদের।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- স্বামী শ্রী সুবির কুমার রায়, তার ভাই ডা. সুশীল কুমার রায়, সুনীল কুমার রায় ও মনোরঞ্জন কুমার রায়। আসামিরা সকলেই পলাতক রয়েছেন।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ দণ্ডাদেশ প্রদান করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে সুবীর কুমারের সঙ্গে টাঙ্গাইল শহরের সাহাপাড়ার গোপীনাথ বিশ্বাসের মেয়ে সুমি রানীর বিয়ে হয়। বিয়ের সময় সুবীর ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করলে আড়াই লক্ষ টাকা পরিশোধ করা হয়। পরবর্তীতে যৌতুকের দাবিতে সুবীর ও তার স্বজনরা ২০০১ সালের ১২ জানুয়ারি সুমিকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে থানায় একটি জিডি করেন। কিন্তু ময়নাতদন্ত প্রতিবেদনে সুমিকে গলাটিপে হত্যা করা হয়েছে প্রমাণিত হয়। ফলে সদর থানার এসআই মনিরুল ইসলাম ওই সালের ১৫ জানুয়ারি সুবীরসহ এ ৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন এবং আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করেন।

মামলা দায়েরের পর থেকেই আসামিরা পলাতক রয়েছেন। ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণ শেষে আদালত এ ৪ জনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন। রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলু ও আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত স্টেট ডিফেন্স অ্যাডভোকেট এসএম জাহাঙ্গীর আলম মামলাটি পরিচালনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত