পর্বতারোহণ করতে গিয়ে মারা গেছেন তাইওয়ানের এক নারী। একা একাই নিয়মিত পর্বতারোহণ করে সেলফি তুলতেন তিনি, যাদেরকে বলা হয় ‘সলো ক্লাইম্বার’।
পাহাড়-পর্বত জয় করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিকিনি পরা ছবি দিতেন তিনি। এ জন্য ‘বিকিনি ক্লাইম্বার’ হিসেবেই পরিচিত হয়ে উঠেছিলেন তিনি।

বিবিসি জানায়, গিগি উ নামের এই পর্বতারোহী শনিবার স্যাটেলাইট ফোনের মাধ্যমে বন্ধুদের জানান, তিনি তাইওয়ানের ইয়ুশান ন্যাশনাল পার্কের একটি গিরিখাত থেকে পড়ে গিয়েছেন। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।
কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকারী হেলিকপ্টার তার কাছে পৌঁছতে পারেনি। সোমবার তার মৃতদেহ চিহ্নিত করতে পারলেও এখনো তাকে উদ্ধার করতে পারেনি।
এনডিটিভি জানায়, গিগি তার বন্ধুদের জানিয়েছিলেন প্রায় ২০-৩০ মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়ায় শরীরের নিচের অংশ নাড়াতে পারছেন না তিনি।

তাইওয়ানের অগ্নি নিয়ন্ত্রণ ও দুর্যোগ মোকাবেলা দপ্তরের কর্মকর্তা লিং চেং ই বলেন, ‘পাহাড়ের আবহাওয়া ভালো ছিল না। আমরা উদ্ধারকারী দলকে বলেছি- দেহটি অপেক্ষাকৃত খোলা জায়গায় নিয়ে আসার চেষ্টা করতে যাতে হেলিকপ্টারে নিয়ে আসা যায়।’
৩৬ বছর বয়সী গিগির সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল অনুসারী ছিল। তিনি প্রয়োজনীয় পোশাক পরে পর্বতের চূড়ায় উঠলেও শুধু বিকিনি পরে সেলফি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন।
গত বছর স্থানীয় এক চ্যানেলকে তিনি বলেছিলেন, ইতোমধ্যে তিনি প্রায় ১০০টি পাহাড় জয় করেছেন।
