চলচ্চিত্র ব্যক্তিত্ব মুহম্মদ খসরু গুরুতর অসুস্থ

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ০৮:০৬ পিএম

চলচ্চিত্র পত্রিকা ‘ধ্রুপদী’ সম্পাদক ও বিকল্প চলচ্চিত্র আন্দোলনের প্রাণপুরুষ মুহম্মদ খসরু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টায় তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন।

দেশ রূপান্তরকে বাংলাদেশ ফিল্ম সোসাইটির সদস্য কামরুল হাসান মিথুন বলেন, ‘মুহম্মদ খসরু দীর্ঘদিন ধরেই নানা ধরনের রোগে ভুগছিলেন। গতকাল রাতে তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’
তিনি আরও জানান, নিউমোনিয়া, হার্টের সমস্যাসহ অনেকগুলো রোগে ভুগছেন তিনি। তাকে আরও দু-তিনদিন সিসিইউতে রাখতে হবে বলে জানিয়েছেন ডাক্তাররা।

image

মুহম্মদ খসরু চলচ্চিত্র বিষয়ক কালজয়ী পত্রিকা ধ্রুপদীর সম্পাদক হিসেবে চলচ্চিত্র মহলে সবচেয়ে বেশি পরিচিত। বাংলাদেশ চলচ্চিত্র সংসদ আন্দোলনের এই পথিকৃত গত প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে চলচ্চিত্রের সঙ্গে জড়িয়ে আছেন। তার উদ্যোগে বাংলাদেশ চলচ্চিত্র সংসদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়েছে ফিল্ম স্টাডি সেন্টার।  কেরালার চিত্রলেখা এবং ওডেসা ফিল্ম কো-অপারেটিভের অনুপ্রেরণায় বাংলাদেশ ফিল্ম সোসাইটির উদ্যোগে যে ফিল্ম কো-অপারেটিভ গঠিত হয়েছিল, যার মাধ্যমে এই দেশে সর্বপ্রথম স্বল্পদৈঘ্য ছবি নির্মাণ শুরু হয়, সেখানেও মুহম্মদ খসরুর অবদান অনবদ্য। বাংলাদেশ চলচ্চিত্র সংসদের আন্দোলনের ফলে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ এবং জাতীয় ফিল্ম আর্কাইভ যার তাত্ত্বিক নেতাও এই মুহম্মদ খসরু। মুহম্মদ খসরু বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউটের প্রশিক্ষক হিসেবেও কাজ করেছিলেন।
বিকল্প চলচ্চিত্র আন্দোলনের এই পুরোধা ব্যক্তিত্ব  কেরানীগঞ্জের রোহিতপুরের মোহনপুর গ্রামে নিঃসঙ্গ জীবন যাপন করছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত