ঢাকাকে ১৫৪ রানের লক্ষ্য দিল কুমিল্লা

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ০৮:৩১ পিএম

শুরুতে রান পেলেন তামিম ইকবাল। শামসুর রহমান শুভও খেললেন দারুণ। এই দুইয়ের ব্যাটে ভর করে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে বড় স্কোরের আশা দেখাচ্ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু সাকিব আল হাসানের এক ওভারেই মোড় ঘুরে ইনিংসের। কুমিল্লা তাই সম্ভাবনা জাগিয়েও পারেনি পাহাড় রান গড়তে।

মঙ্গলবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকাকে ১৫৪ রানের লক্ষ্য দিয়েছে কুমিল্লা। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৩ রান করে কুমিল্লা।

ইনিংসের তৃতীয় ওভারেই দলীয় ১৭ রানে বিদায় নেন ওপেনার এনামুল হক বিজয়। মাত্র ১ রান করে তিনি ফেরেন আন্দ্রে রাসেলের শিকার হয়ে। তামিম ভালোই খেলছিলেন। কিন্তু ইমরুল কায়েস তিন নম্বরে নেমে মাত্র ৭ রান করে বিদায় নেন। ফলে ২৭ রানে দ্বিতীয় উইকেট হারায় কুমিল্লা।

এরপর শামসুর রহমান শুভকে নিয়ে জুটি বাঁধেন তামিম। ৫১ রান যোগ করে এই জুটি। তামিম ২৯ বলে দুই ছক্কা ও এক চারে ৩৪ রান করে ফেরেন। সাকিব আল হাসানের বলে রনি তালুকদারের হাতে ক্যাচ হন তিনি।

থিতু হয়েও ১৬ রান করে ফিরেছেন শহীদ আফ্রিদি। একই ওভারে বিদায় নেন শামসুরও। ১৫তম ওভারে দুজনের উইকেটই নেন সাকিব। শামসুর ৩৫ বলে ৪৮ রান করেছেন ৩ চার ও এক ছক্কায়।

থিসারা পেরেরা আশা দেখাচ্ছিলেন। কিন্তু রান আউটে কাটা পড়েন তিনি। ১২ বলে তিন ছক্কায় ২৬ রান করেন এই লঙ্কান। এরপর কুমিল্লার রানটা প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। লিয়াম ডসন ৬ ও জিয়াউর রহমান ৫ রান করেন।

সাকিব সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল ও রুবেল হোসেন।

সংক্ষিপ্ত স্কোর

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভারে ১৫৩/৮ (তামিম ৩৪, শামসুর ৪৮, পেরেরা ২৬; সাকিব ৩/২৪, রুবেল ২/২৬, রাসেল ২/২৭)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত