দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটককৃতদের ৪৫ দিন করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এদের মধ্যে একজন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ছাত্র শোভন এবং অপরজন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শিশির রায়। তারা দুজনেই দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা যায়। শোভন এর বাড়ি চুয়াডাঙ্গা এবং শিশিরের বাড়ি কুমিল্লা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, মঙ্গলবার “ডি” ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকেই ৪৫ দিন করে সাজা দেন। দুজনের বিকাশ অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা লেনদেনের তথ্য পেয়েছে প্রশাসন।
দানেশ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খালেদ হোসেন এ বিষয়ে দেশ রূপান্তরকে বলেন, আজ ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে যখন এডমিট কার্ডের ছবির সাথে তাদের ছবি মেলাই তখন আমাদের সন্দেহ হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা দোষ স্বীকার করে। তাদের দুজনকেই তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট এর হাতে তুলে দেয়া হয়।
