ইন্দোনেশিয়ার পশ্চিমের নুসা তারাঙ্গা প্রদেশের সুমবাওয়া দ্বীপে আবার ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল মঙ্গলবার দ্বীপটির পূর্বাঞ্চলীয় রাবা শহরের ২৩০ কিলোমিটার দক্ষিণে ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার গভীর ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
গতকাল ভোরে একই অঞ্চলে ছয় মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল বলেও জানায় সংস্থাটি। ভূমিকম্প-পরবর্তীতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এ ছাড়া ওই অঞ্চলে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তাও জানা যায়নি। হাওয়াইভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র ওই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে ইউএসজিএসের ওয়েবসাইটে জানানো হয়।
গত বছর দেশটিতে বেশ কয়েকটি ভূমিকম্পে সাড়ে তিন হাজারের বেশি মানুষ নিহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
