তালেবানকে ‘রাজনৈতিক শক্তি’ হিসেবে স্বীকৃতি চীনের

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ০২:২০ পিএম

চলমান আফগান শান্তি আলোচনার মধ্যে তালেবানকে ‘রাজনৈতিক শক্তি’ হিসেবে স্বীকৃতি দিলো চীন। পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও জিং একথা জানিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু জানায়, আফগান শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকারও প্রশংসা করেছেন চীনা দূত।

ইয়াওকে উদ্ধৃত করে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন বলেছে, ‘আফগান শান্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ায় তালেবানকে রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করবে চীন।’

দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে এক সভায় চীনা রাষ্ট্রদূত বলেন, আফগান সরকার ও তালেবানের সঙ্গে যোগাযোগ করেছে চীন। চীনের বিশেষ প্রতিনিধি দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ও পরিদর্শন করেছেন।

তিনি বলেন, ‘আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে সমর্থন করে চীন। কারণ, আফগান জনগণ শান্তি ও স্থিতিশীলতা অর্জনের অধিকার রাখে।’

আফগান শান্তি প্রক্রিয়া নিয়ে চার জাতির এক সম্মেলনে যোগ দিতে গত ১৪ জানুয়ারি বেইজিং সফর করেন শীর্ষ মার্কিন শান্তি আলোচক জালমাই খালিদজাই।

যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তি স্থাপনে একসঙ্গে কাজ করছে আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, চীন ও পাকিস্তান। তালেবানকে এই শান্তি প্রক্রিয়ায় আনতে মধ্যস্থতার ভূমিকা পালন করছে পাকিস্তান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত