ব্যাংকিং খাতে অনিয়ম তদন্তে গভর্নরসহ ৬ জনকে আইনি নোটিশ

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ০৬:১৫ পিএম

ঋণ অনুমোদনে অনিয়ম ও ব্যাংকের অর্থ আত্মসাৎসহ তদন্ত, বিভিন্ন বেসরকারি ও সরকারি ব্যাংকে ঋণের ওপর সুদ মওকুফ তদন্ত এবং ব্যাংকিং খাতে অনিয়ম বন্ধে সুপারিশ প্রণয়নের কমিশন গঠনের অনুরোধ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পাঁচ  সচিবের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ এই নোটিশ পাঠান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছাড়া যাদের উদ্দেশ্যে নোটিশ পাঠানো হয়েছে তারা হলেন,  মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের  সচিব, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং আইন মন্ত্রণালয়ের সচিব।

নোটিশে উল্লেখ করা হয়েছে, কয়েক বছর ধরে সরকারি ও প্রাইভেট ব্যাংকের বিভিন্ন শাখা হতে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ হলেও তা বন্ধে কার্যকরী ব্যবস্থা নেয়া হচ্ছে না। নোটিশে আগামী সাত দিনের মধ্যে ব্যাংকিং খাতে অনিয়মের বিষয় তদন্ত ও প্রতিরোধে সুপারিশ প্রণয়নের জন্য ১৯৫৩ সালের ইনকোয়ারি কমিশন অ্যাক্টের অধীনে একটি কমিশন গঠনের অনুরোধ জানানো হয়েছে।

নোটিশে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, সাবেক  গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা  এ বি এম মির্জা আজিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ, সিটি ব্যাংক এন এ বাংলাদেশের সাবেক সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) মামুন রশিদ, বাংলাদেশ ব্যাংকের একজন প্রতিনিধি এবং অর্থ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি নিয়ে কমিশন গঠনের অনুরোধ জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত