বিএনপি বিলুপ্তপ্রায় প্রাণীর পরিণতির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার গাজীপুরের কোনাবাড়িতে ফ্লাই্ওভারের নির্মাণ কাজ পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেছেন।
ওবায়দুল কাদের বলেছেন, একসময় মুসলিম লীগ ছিল অনেক বড় একটি রাজনৈতিক দল, এখন তাদের অবস্থা বিলুপ্তপ্রায় প্রাণীর মতো। বিএনপিও সে পথেই হাঁটছে।
তিনি আরো বলেছেন, বিএনপি নিজেদের ধংস করার পথে হাঁটছে এবং নির্বাচন বর্জনের মধ্য দিয়ে আরো সংকুচিত হচ্ছে।
সেতুমন্ত্রী বিএনপিকে উপজেলা ও ঢাকা উত্তর সিটি নির্বাচন, কিশোরগঞ্জের উপনির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান।
এর আগে বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, শুধু ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি।
বৃহস্পতিবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান মির্জা ফখরুল।
বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং উপজেলা পরিষদ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
এরপর শুক্রবার ওবায়দুল কাদের দলটিকে সিদ্ধান্ত থেকে সরে সব নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানালেন।
