চীনে প্রেম করতে ছুটি পাচ্ছেন অবিবাহিত ত্রিশোর্ধ নারীরা!

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ০৩:২৫ পিএম

চীনে নতুন চন্দ্র বছর উদযাপন উপলক্ষে অতিরিক্ত ছুটি পাচ্ছেন ৩০ বছরের বেশি বয়সী কর্মজীবী নারীরা। জীবনসঙ্গী খুঁজে পেতে নিয়মিত ছুটি সাতদিনের বাইরে আরও বাড়তি আটদিন পাচ্ছেন তারা।

সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে জানানো হয়, চীনের পূর্বাঞ্চলীয় হাংঝুর দুটি কোম্পানি তাদের কর্মচারীদের এই অতিরিক্ত ‘ডেটিং লিভ’ বা প্রেম করার ছুটি দিচ্ছে। এর আগে ওই শহরেই অবিবাহিত স্কুল শিক্ষিকাদের একই ধরনের ‘লাভ লিভ’দেওয়ার খবর পাওয়া যায়।

জানা যায়, দেশটিতে ক্যারিয়ারের প্রতি মনোযোগী হতে গিয়ে অনেক নারীর বিয়ের বয়স পার হয়ে যায়। এসব অবিবাহিত নারীদের ‘শেং নু’(বাতিল কিংবা বাদ পড়া মেয়ে) বলা হয়। পরিবার ও সমাজে তাচ্ছিল্যেরও শিকার হতে হয় তাদের।  

তবে বিশ্লেষকদের মতে এর পেছনে অন্য রহস্য আছে।  চীনা নারীদের এ বিষয়টি নিয়ে ‘লেফটওভার উইমেন’ ও ‘বিট্রেয়িং বিগ ব্রাদার: দ্য ফেমিনিস্ট অ্যাওয়াকেনিং ইন চায়না’ নামে দুটি বই লিখেছেন লেটা হং ফিনচার।

এ গবেষকের মতে, ২৫ বছরের পরও অবিবাহিত নারীদের ‘লেফটওভার ওমেন’বা বাতিল নারী বলে প্রচারের পেছনে সুপরিকল্পিত সরকারি প্রচারণা কাজ করছে।

তিনি বলেন, ‘বিশেষ করে শিক্ষিত নারীদের বিয়ে করে সন্তান গ্রহণের দিকে ঠেলে দিতে সরকারি চেষ্টার অংশ এটি।’

২০১৫ সালে চীন তার এক সন্তান নীতি পরিত্যাগ করে। এরপরও দেশটিতে জন্মহার কমছে। ২০১৩ সালের পর থেকে প্রতি বছর বিয়ের হারও কমছে। ২০১৮ সালে চীনে দেড় কোটির বেশি শিশু জন্ম নেয়। আগের বছরের তুলনায় এটি ছিল ২০ লাখ কম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত