এবার মনোনয়নপত্র কিনলেন সৈয়দ আশরাফের বোন

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ০৪:৩৫ পিএম

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের মৃত্যুতে শূন্য হওয়া কিশোরগঞ্জ-১ আসনের পুনর্নির্বাচনে এবার মনোনয়নপত্র কিনেছেন তার বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে তার পক্ষে মামাতো বোন আনা মিলকী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এর আগে সৈয়দ আশরাফের ছোট ভাই সৈয়দ শাফায়েতুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক নেতা দেশ রূপান্তরকে জানিয়েছেন, সৈয়দ আশরাফের বোন সৈয়দা জাকিয়া নূর মনোনয়ন সংগ্রহের আগে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেন। প্রধানমন্ত্রীর ইতিবাচক সাড়া পাওয়ার পর তিনি শুক্রবার মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

প্রয়াত জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের শূন্য আসন কিশোরগঞ্জ-১ এর পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আরও পাঁচজন মনোনয়নপত্র কিনেছেন।

 আওয়ামী লীগের দলীয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

এ ছাড়া কিশোরগঞ্জে-১ এর জন্য ফরম সংগ্রহকারীরা হলেন- কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আজিজুল হক, বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা রাশেল আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সহ-পাঠাগার সম্পাদক এম এ হান্নান এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান হুমায়ুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত