ভেনেজুয়েলার দূতাবাস বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রে

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ০৩:২৫ এএম

খুব শিগগির যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার দূতাবাস ও সকল কনস্যুলেট বন্ধ করে দেওয়া হবে বলে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদোকে ‘অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট’ হিসেবে ট্রাম্পের স্বীকৃতির জেরে ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেওয়ার একদিনের মাথায় মাদুরো এ কথা জানান। সম্প্রতি মাদুরো যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের ৭২ ঘণ্টার মধ্যে ভেনেজুয়েলা ত্যাগের নির্দেশ দিয়েছিলেন।

মাদুরোর এমন নির্দেশের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র জরুরি প্রয়োজন ছাড়া সকল কূটনীতিককে দেশে ফিরে আসতে আহ্বান জানিয়েছে। গত বুধবার ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো নিজেকে ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ ঘোষণা করলে দেশটির রাজনৈতিক সংকট চরমে পৌঁছায়। গুইদোর ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং দক্ষিণ আমেরিকার ব্রাজিল, একুয়েডর, প্যারাগুয়েসহ বেশ কয়েকটি দেশ তাকে স্বীকৃতি দেয়। অন্যদিকে রাশিয়া, কিউবা, বলিভিয়া, চীন ও তুরস্ক মাদুরোর প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছে। বিদেশি শক্তিগুলো মাদুরোর কাছ থেকে ‘ক্ষমতা জবরদখলের চেষ্টা’ চালাচ্ছে বলে নিন্দা করেছে রাশিয়া। গুইদোকে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং ‘সরাসরি রক্তপাতের পথে যাচ্ছে’ বলেও সতর্ক করেছে মস্কো। চীন বলেছে, ভেনেজুয়েলায় বাইরের দেশের কোনো ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত