শ্রীলঙ্কাকে ইনিংস ব্যবধানে হারাল অস্ট্রেলিয়া

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ০৩:০৯ পিএম

শ্রীলঙ্কা হারবে, স্পষ্ট হয়ে ওঠে দ্বিতীয় দিনেই। প্যাট কামিন্স ও ঝাই রিচার্ডসনের বোলিং তোপে হারটা ‘সম্মানজনক’ পর্যায়েও রাখতে পারল না দলটি। ব্রিসেবেনে দিবারাত্রির টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে তারা।

ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে শনিবার শ্রীলঙ্কাকে ইনিংস ও ৪০ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ গেল টিম পেইনের দল।

এক উইকেটে ১৭ রান নিয়ে ব্যাট করতে নেমে শনিবার ১৩৯ রানে গুঁড়িয়ে যায় শ্রীলঙ্কা। এর আগে প্রথম ইনিংসে দলটির ১৪৪ রানের জবাবে ৩২৩ রান করে অস্ট্রেলিয়া।

দলীয় স্কোরে কোনো রান জমা পড়ার আগেই উইকেট হারায় শ্রীলঙ্কা। রানের খাতা খুলার আগেই কামিন্সের বলে পেইনকে ক্যাচ দিয়ে বসেন অধিনায়ক দিনেশ চান্দিমাল।

উইকেটে নামতেই কামিন্সের বলে বিদায় কুশল মেন্ডিস ও রশন সিলভা। ৩৫ রানে নেই চার উইকেট! ধনাঞ্জয়া সিলভাকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ওপেনার লাহিরু থিরিমান্নে।

দলীয় ৬৯ রানে এই জুটিতে ফাটল ধরান রিচার্ডসন। উইকেট ছাড়া হন ৪৬ বলে ১৪ রান করা ধনায়ঞ্চয়া। ১০ রান পর ফিরতে হয় থিরিমান্নেকে। এর আগে ৯৮ বলে সর্বোচ্চ ৩২ রান করেন টপ অর্ডারের এই ব্যাটসম্যান।

থিতু হয়ে ফিরেছেন নিরোশান ডিকভেলা (২৪) ও সুরেঙ্গা লাকমল (২৪)। ফলে অস্ট্রেলিয়াকে ফের ব্যাটিংয়ে না নামিয়েই হার মানতে হয় সফরকারীদের।

দ্বিতীয় ইনিংসে স্বাগতিক বোলারদের মধ্যে ১৫ ওভারে ২৩ রানে ৬ উইকেট নেন কামিন্স। দুই উইকেট নেন রিচার্ডসন। একটি উইকেট নাথান লিওনের।

দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার পেসার কামিন্স।

ক্যানবেরায় ১ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত