বিএনপি বা ঐক্যফ্রন্টের যারা নির্বাচিত হয়েছেন প্রত্যেকেই শপথ নেবেন এবং সংসদে কথা বলবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল হক হানিফ।
সুনামগঞ্জে ছাতকে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সাংসদ মুহিবুর রহমান মানিককে সংবর্ধনা উপলক্ষে আয়োজিত জনসভায় যোগ দেওয়ার আগে শনিবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, একজন নির্বাচিত সংসদ সদস্য, জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, জনগণের কথা বলার জন্য, দেশের কথা বলার জন্য, সেই হিসেবে একজন সংসদ সদস্য শপথ নিতে বাধ্য। এখনো শপথ নেওয়ার সময় শেষ হয়ে যায়নি উল্লেখ করে হানিফ বলেন, আমরা আশা করি ‘বিএনপি বা ঐক্যফ্রন্টের হয়ে যারা নির্বাচিত হয়েছেন প্রত্যেকেই শপথ নেবেন এবং সংসদে কথা বলবেন’।
হানিফ বলেন, একাদশ নির্বাচনে লজ্জাজনক ভরাডুবির কারণে আসন্ন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে যেতে ভয় পাচ্ছে বিএনপি। যদি বিএনপি নির্বাচনে না যায় তাহলে এটা হবে তাদের জন্য বড় ভুল সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের কারণে তারা রাজনীতি থেকে ছিটকে পড়বে। তারা নির্বাচন থেকে দূরে সরে থাকতে চায়। তাদের শঙ্কা হয়তো তাদের জন্য আরেকটি লজ্জাজনক পরাজয় অপেক্ষা করছে। নির্বাচন থেকে দূরে সরে থেকে সংগঠনের লাভ হয় না। রাজনীতিবিদদের উচিত নির্বাচনে অংশ নেওয়া।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে মাহবুবুল হক হানিফ ছাতক বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত স্থানীয় সাংসদ মুহিবুর রহমান মানিককে দেওয়া সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জনসভায় আরও বক্তব্য রাখেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আ.লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক নান্টু রায়, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।
