সরকারি আইন কর্মকর্তা হতে চান দৃষ্টিপ্রতিবন্ধী আইনজীবীরা

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ০৩:০৩ এএম

সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ চান দৃষ্টিপ্রতিবন্ধী আইনজীবীরা। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক অনুষ্ঠানে তারা এ দাবি জানান। দৃষ্টিপ্রতিবন্ধী আইনজীবীদের সংগঠন ব্লাইন্ড ল গ্র্যাজুয়েটস অ্যান্ড অ্যাডভোকেটস সোসাইটি বাংলাদেশ (ব্লাসবিডি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনের সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী মোশাররফ হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ ছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক এ এম মোসলেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ওয়াদুদ, সেন্টার ফর ডিজ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে ব্লাসবিডির নির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. আল আমিন প্রচলিত আইন ও প্রশাসনিক কার্যপ্রণালি প্রতিবন্ধীবান্ধব করার দাবি জানান। তিনি বলেন, প্রতিবন্ধীদের চাকরির জন্য সংরক্ষিত কোটা বাস্তবায়ন সুনিশ্চিত করতে হবে। এ সময় সরকারের আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান ও বিচারক নিয়োগের ক্ষেত্রে তা কার্যকর করার দাবি জানান তিনি। শুভেচ্ছা বক্তব্যে অ্যাডভোকেট খাদেমুল ইসলাম চৌধুরী বলেন, ‘সরকার কদিন পর পাবলিক প্রসিকিউটর, সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেবে। সেখানে অন্তত ১ শতাংশ হলেও যেন আমাদের প্রতিনিধি থাকে।’ এ ছাড়া প্রতিবন্ধীদের জন্য ২০১৩ সালে প্রণীত আইন মোতাবেক প্রতিবন্ধী ব্যক্তিদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান, গণপরিবহনে তাদের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষণের দাবি জানান দৃষ্টিপ্রতিবন্ধী আইনজীবীরা।  দৃষ্টিপ্রতিবন্ধী আইনজীবীদের দাবি বিবেচনার বিষয়ে উদ্যোগী হওয়ার প্রতিশ্রুতি দিয়ে মাহবুবে আলম বলেন, ‘ব্যাপারটি প্রধানমন্ত্রীর নজরে আনব।’ এ ছাড়া তাদের জন্য মাসিক ভাতা ও চিকিৎসা প্রদানের জন্য সরকারকে অনুরোধ জানানোর আশ্বাস দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত