যুক্তরাষ্ট্র-তালেবান সংলাপে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১০:৫৩ এএম

আফগানিস্তানে চলমান ১৭ বছরের যুদ্ধ অবসানে তালেবানদের সঙ্গে আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি জালমে খালিলজাদ। তবে তালেবান জানিয়েছে, বিদেশি সেনা প্রত্যাহারে মতৈক্যের আগে অন্যান্য ইস্যুতে সমঝোতা অসম্ভব।

আলজাজিরা জানায়, তালেবানদের সঙ্গে কাতারে ছয় দিন ধরে আলোচনার পর খালিলজাদ কাবুল যাচ্ছেন। সার্বিক অগ্রগতি নিয়ে আফগান সরকারের সঙ্গে আলোচনার পরই হয়তো সমঝোতা চূড়ান্ত হবে।

এক টুইট বার্তায় জালমে খালিলজাদ বলেন, ‘আগেকার যেকোনো বৈঠকের চেয়ে এবারের সংলাপ ফলপ্রসূ হয়েছে। গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি।’

এদিকে তালেবানও জানিয়েছে, ‘আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার এবং অন্যান্য ইস্যু অগ্রগতির মুখ দেখছে।’

তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, ‘ইসলামী আমিরাতের নীতি স্পষ্ট- আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের বিষয়ে যতক্ষণ না মতৈক্য হচ্ছে, অন্যান্য ইস্যুতে অগ্রগতি অসম্ভব।’

যুদ্ধবিরতির বিষয়টি নাকচ করে দিয়ে তিনি বলেন, ‘কিছু গণমাধ্যমের প্রতিবেদনে যুদ্ধবিরতি এবং আফগান সরকারের সঙ্গে সংলাপের যে কথা বলা হয়েছে তা সত্য নয়।’

এর আগে তালেবান সূত্রের বরাত দিয়ে রয়টার্স দাবি করেছিল, উভয় পক্ষ একটি খসড়া সমঝোতায় একমত হয়েছে। ওই সমঝোতায় বিদেশি বাহিনী প্রত্যাহারের পাশাপাশি আল-কায়েদা ও কথিত ইসলামিক স্টেট গ্রুপ যাতে আফগানিস্তানে ঘাঁটি বানাতে না পারে সেটি বলা হয়েছে।

তবে মার্কিন বিশেষ প্রতিনিধি এবং তালেবান দুপক্ষই এই প্রতিবেদন নাকচ করে দিয়েছেন। খালিলজাদ বলেন, ‘এখনো কিছু বিষয়ে কাজ বাকি আছে। প্রত্যেকটি বিষয়ে মতৈক্য না হওয়া মানে কোনো বিষয়েই মতৈক্য হয়নি। আর প্রত্যেকটি বিষয়ের মধ্যে রয়েছে- আন্তঃআফগান সংলাপ এবং সমন্বিত যুদ্ধবিরতি।’

এখন তিনি কাবুলে গিয়ে দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে সংলাপের অগ্রগতির বিষয়ে আলোচনা করবেন বলেও জানান এই মার্কিন বিশেষ প্রতিনিধি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত