প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসিতে) শুরু হয়েছে সেলিব্রেটি ব্যাডমিন্টন লীগ (সিবিএল)। নূর ক্রিয়েশনস আয়োজিত এ প্রতিযোগিতায় জয়ের জন্য লড়ছে মোট ১২ টি দল। এর মধ্যে আছেন গায়ক আসিফ আকবর, ক্লোজ আপ ওয়ান তারকা লিজা, নিরব, ডন, আনিসুর রহমান মিলন, ইমন, বাপ্পী চৌধুরী, তৌসিফ মাহবুব, মনজুর কাদের জিয়া, তানভীর তারেক, আব্দুল আজিজ, সালমান মুক্তাদীর, শওকত আলী ইমন, রাজিব, সাঞ্জু জন, জয় চৌধুরী, আশিক, আহমেদ হুমায়ূন প্রমুখ। ‘সাম্পান’ ও ‘পানসি’ এই দুটি গ্রুপে ভাগ করা হয়েছে ১২টি দলকে।
রোববার সন্ধ্যায় এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করেন একঝাঁক তারকা। এ সময়ে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, চিত্রনায়িকা অপু বিশ্বাস, আরএফএল প্লাস্টিকসের হেড অব মার্কেটিং আরাফাতুর রহমান, ঘরে বাজারের কর্মকর্তা মনির হোসেন সোহেল, পরিচালক সমিতির নেতা শাহীন সুমন, শাহীন কবির টুটুল, অপূর্ব রানা, এই আয়োজনের তত্ত্বাবধায়ক মইনুল হক রোজ প্রমুখ।
এফডিসিতে প্রথমবারের মতো এমন আয়োজনে উচ্ছ্বসিত পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, ‘এখানকার আয়োজক লিমন আহমেদ ও মুরাদ নূরকে সাধুবাদ জানাতেই হবে। ওরা এত অল্প সময়ে এত বড় একটা আয়োজন করে ফেলল। এটা দিয়ে প্রমাণ হয় আমাদের তরুণেরা একেকটা হিরের খণ্ড। একটু উৎসাহ পেলেই জ্বলে উঠতে পারে। আমি এই তরুণদের ওপরেই আস্থা রাখি। আমি চাইব এ যাত্রা যেন না থামে কখনো।’
লীগের টাইটেল স্পনসর আরএফএল প্লাস্টিকসের হেড অব মার্কেটিং আরাফাতুর রহমান বলেন, ‘এটা আনন্দিত হওয়ার মতো একটি আয়োজন। এর আয়োজক লিমন আহমেদ ও মুরাদ নূরকে ধন্যবাদ এই আয়োজনের জন্য এবং আমাদের সম্পৃক্ত করার জন্য।’
এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আয়োজকেরা বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সদ্য প্রয়াত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল, কিংবদন্তি গায়ক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্রকার আমজাদ হোসেনকে।
সিবিএল স্পনসর করেছে আরএফএল প্লাস্টিকস। প্রথম পুরস্কার স্পনসর মিনিস্টার, হেলথ পার্টনার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, জার্সি স্পনসর ঘরে বাজার, মিডিয়া পার্টনার এটিএন বাংলা, সহযোগিতায় মাই স্পোর্টস অ্যাপস, রোদ্দুর এন্টারটেইনমেন্ট।
