লক্ষ্মীপুরে অটোরিকশা আটক করে চাঁদা দাবি ও মারধর করার অভিযোগে ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মামুন আল আমিনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
গত রবিবার দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুনছুর উদ্দিনের আদালতে এ মামলা দায়ের করেন স্থানীয় এক আইনজীবীর সহকারী মো. ইউসুফ আলী। পরে আদালত ৩১ মার্চের মধ্যে বিচার বিভাগীয় তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
বাদীর আইনজীবী আবদুল্লাহ আল মাসুদ বিপু মামলার বিষয়টি নিশ্চিত করেন। মামালার অভিযোগের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, গত ২৩ জানুয়ারি বিকেলে ট্রাফিক বক্সের সামনে অটোরিকশা আটক করে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন ট্রাফিক পুলিশ পরিদর্শক মামুন আল আমিন। দাবিকৃত টাকা না দেওয়ায় তিনি বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও মারধর করেন। এ ঘটনায় বিচার চেয়ে সিনিয়র জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার কাগজপত্র পর্যালোচনা করে আদালত আগামী ৩১ মার্চের মধ্যে জুডিশিয়াল তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দেন। মামলার বাদী মো. ইউসুফ আলী জানান, তিনি দীর্ঘদিন জজকোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মাসুদ বিপুর সহকারী হিসেবে কাজ করেন।
