২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাজা পাওয়া সাবেক দুই পুলিশ কর্মকর্তাকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছে আদালত। এরা হলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক উপ-কমিশনার (ডিসি) খান সাঈদ হাসান ও ওবায়দুর রহমান। গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে তারা দুজন আত্মসমর্পণ করে জামিন চান। কিন্তু বিচারক আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গত বছরের ১০ অক্টোবর গ্রেনেড হামলা মামলার রায়ে এই দুই পুলিশ কর্মকর্তার দুই বছর করে কারাদণ্ড হয়।
ওই মামলার রায়ে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। হামলায় জড়িত থাকার অপরাধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া পুলিশের সাবেক আইজি আশরাফুল হুদাসহ ১১ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়।
